Sylhet Today 24 PRINT

ঢাকা-সাতক্ষীরা থেকে ছয় জঙ্গি গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৯

ঢাকা ও সাতক্ষীরা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে র‌্যাবের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- শফিকুল ইসলাম ওরফে সাগর ওরফে সালমান মুক্তাদির (২১), ইলিয়াস হওলাদার ওরফে খাত্তাব (৩২), ইকরামুল ইসলাম ওরফে আমীর হামজা (২১), আমীর হোসাইন (২৬), শিপন মীর ওরফে আব্দুর রব (৩৩), মাওলানা ওয়ালিউল্লাহ ওরফে আব্দুর রহমান (২৫)।

মিজানুর রহমান বলেন, ‘রাজধানীর উত্তরা ও সাতক্ষীরার শ্যামনগর থানা এলাকা থেকে আনসার আল ইসলামের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ‘তৌহিদী জনতার আর্তনাদ’ নামে একটি পেইজে সংগঠন পরিচালনাসহ বিভিন্ন ধরনের নির্দেশনা দিতেন। এমনকি বিভিন্ন ইস্যুতে সরকারকে উদ্দেশ্য করে উস্কানিমূলক স্ট্যাটাস দিতেন।’

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল উদ্ধার করা হয়েছে। এবিষয় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.