Sylhet Today 24 PRINT

ভ্যাট আদায় সম্পর্কিত হিসাবের ব্যাখ্যা দিল এনবিআর

সিলেটটুডে ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০১৫

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের উপর আরোপিত ৭.৫ শতাংশ ভ্যাট শিক্কখার্থী নয় শিক্ষা প্রতিষ্ঠানকে দিতে হবে এমন ব্যাখ্যার পর এবার কি পদ্ধতিতে সে ভ্যাট আদায় হবে তার একটি ব্যাখ্যা দিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

শিক্ষা প্রতিষ্ঠানের ওপর এ ভ্যাট আরোপের জন্য শিক্ষার্থীদের সেমিস্টার ফি বেড়ে যাবে এ আশঙ্কা ও আলোচনার প্রেক্ষিতে এনবিআর বলছে, শিক্ষার্থীদের সেমিস্টার ফি বাড়ানো যাবে না।

কিভাবে ভ্যাট হিসাব করবে তা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ধরা যাক কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রতি সেমিস্টারের ফি ৫০,০০০/- টাকা। ভ্যাট আরোপের পরও সে ফি ৫০,০০০/- টাকাই থাকবে। সরকারি নির্দেশনা অনুয়ায়ী তা বৃদ্ধি করা যাবে না।

এছাড়াও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জন্য ভ্যাট হিসাব করার পদ্ধতিটিও উল্লেখ করা হয়েছে। যেখানে ৫০ হাজার টাকা ফি এর জন্য ভ্যাট নির্ণয় করার প্রক্রিয়াটি তুলে ধরা হয়েছে: ভ্যাট = ৫০০০০× ভ্যাট ফ্যাক্টর = ৫০০০০× (৭.৫/(১০০+৭.৫)) = ৫০০০০ × ৭.৫/১০৭.৫ = ৩,৪৮৮.৩৭ টাকা।

শিক্ষার্থীরা আগের মতো এ ক্ষেত্রেও ৫০,০০০ টাকাই পরিশোধ করছেন উল্লেখ করে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা থেকে ৩, ৪৮৮.৩৭ টাকা সরকারি কোষাগারে পরিশোধ করবে।

বিবৃতিতে বলা হয়, ছাত্র-ছাত্রীরা অতিরিক্ত কোনো অর্থ পরিশোধ না করলেও সরকার বিশ্ববিদ্যালয় হতে ৩,৪৮৮.৩৭ টাকা পেলো যা দেশের উন্নয়ন কাজে সরকার ব্যয় করবে এবং তার সুবিধা উক্ত ছাত্র-ছাত্রীসহ সবাই ভোগ করবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আরেকটি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে না মর্মে ব্যাখা দিয়েছিলো এনবিআর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.