Sylhet Today 24 PRINT

লবণকাণ্ড : বেনাপোলে ৬ ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি |  ১৯ নভেম্বর, ২০১৯

লবণের মূল্য বৃদ্ধির গুজবে ছড়িয়ে পড়ায় যশোরের  বেনাপোলে  অভিযান পরিচালনা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গুজব ছড়িয়ে অতিরিক্ত দামে লবণ বিক্রির অভিযোগে বেনাপোলের শার্শা ও নাভারণে ৬ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তাদের আটক করে পুলিশ। একইসঙ্গে সতর্ক করে দেয়া হয়েছে সকল ব্যবসায়ীকে।

মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় শার্শা থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে নাভারণ বাজারের নুরু, শফিসহ ৩ ব্যবসায়ীকে আটক করে এবং বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) শাহীন ফরহাদের নেতৃত্বে গুজব রটানোর দায়ে ৩ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় বেশি দামে লবণ বিক্রয় কালে তিন বস্তা লবণ জব্দ করা হয়।

এদিকে, লবণের বাজার নিয়ন্ত্রণে রাখতে রাতে  উপজেলা প্রশাসনের ও বেনাপোল বাজার কমিটির পক্ষ থেকে জরুরি মাইকিং করে লবণের প্যাকেটের গায়ে লেখা দামের অতিরিক্ত দিয়ে কোন সাধারণ জনগণ যেন লবণ না কেনেন, সে বিষয়ে সতর্ক করেন এবং কোন ব্যবসায়ী যদি প্যাকেটের গায়ের লেখা দামের অতিরিক্ত দাম নেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

একইসাথে কোথাও লবণের মূল্য বৃদ্ধির অভিযোগ পেলে ৯৯৯ অথবা সংশ্লিষ্ট থানা কিংবা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে জানানোর অনুরোধ জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.