সিলেটটুডে ডেস্ক | ২৬ নভেম্বর, ২০১৯
ঢাকায় কী কারণে বায়ুদূষণ হচ্ছে এবং দূষণ রোধে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেসব বিষয়ে একটি গাইড লাইন তৈরি করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। একই সঙ্গে পরিবেশ সচিবের নেতৃত্বে ওই কমিটি গঠন করে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।
পাশাপাশি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জের সব অবৈধ ইটভাটা আগামী ১৫ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও অবৈধ ইটভাটা বন্ধ করতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে বলেছেন আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন।
প্রসঙ্গত, এর আগে ২৭ জানুয়ারি হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট আবেদনটি করেন মনজিল মোরসেদ। ওই রিটের শুনানি নিয়ে গত ২৮ জানুয়ারি রাজধানী ঢাকার বায়ুদূষণ বন্ধে রুল জারি করেন হাই কোর্ট। রুল জারির পাশাপাশি বায়ু দূষণ রোধে ব্যবস্থা গ্রহণ করতে অন্তবর্তীকালীন আদেশও দেন। এছাড়া পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তাদেরকে আদেশ পালন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।