Sylhet Today 24 PRINT

রায়ে রাষ্ট্রপক্ষের সন্তোষ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০১৯

রাজধানীর গুলশানে বহুল আলোচিত হলি আর্টিজান হামলা মামলায় সাত আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

বুধবার (২৭ নভেম্বর) রায় ঘোষণা শেষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, হলি আর্টিজানের মতো বর্বরোচিত হামলা যেন আর না ঘটে, এই রায় একটি দৃষ্টান্ত।

মিজানুর রহমান ওরফে বড় মিজানের খালাসের বিষয়ে সাংবাদিকদের আব্দুল্লাহ আবু বলেন, রায়ের কপি এখনও আমরা হাতে পাইনি। হাতে পেলে পর্যালোচনা করে প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করবো

দুপুরে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান সাত আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাসের রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হামলার মূল সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.