সিলেটটুডে ডেস্ক | ২৮ নভেম্বর, ২০১৯
নোয়াখালীতে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ইব্রাহিম খলিল ওরফে ভাণ্ডারী রুবেল (৩২) নামে এক ‘মাদক ব্যবসায়ী বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে জানা গেছে।
এ সময় ডিবির ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, দুইটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও তিনটি রামদা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোররাতে পৌরসভায় রেললাইন সংলগ্ন পশ্চিম মাহদুরি চাপা মিয়ার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম খলিল পৌরসভার আইয়ুবপুর এলাকার আবুল কাশেম ভাণ্ডারীর ছেলে।
আহত পুলিশ সদস্যরা হলেন- ডিবির ওসি কামরুজ্জামান শিকদার, উপ-পরিদর্শক সায়েদ মিয়া, ওমর ফারুক, সহকারী উপ-পরিদর্শক মাসুদ আলম ও কনস্টেবল দেলোয়ার হোসেন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় রেল লাইন এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি ও মাদক কারবারি রুবেলকে গ্রেপ্তার করে নোয়াখালী গোয়েন্দা পুলিশের (ডিবির) একটি দল। পরে তার কাছে অস্ত্র আছে এমন তথ্যের ভিত্তিতে রাতে তাকে নিয়ে পশ্চিম মাহদুরি চাপা মিয়ার বাগানে অভিযান চালায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেলের সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে রুবেল নিহত ও পাঁচ পুলিশ আহত হন।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি কামরুজ্জামান শিকদার বলেন, নিহত সন্ত্রাসী রুবেল ভাণ্ডারীর বিরুদ্ধে মাদক ব্যবসা, হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় ১৬টি মামলা রয়েছে।