Sylhet Today 24 PRINT

দেশে পৌঁছেছে লিবিয়ায় ড্রোন হামলায় নিহত ৩ কর্মীর মরদেহ

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৯

লিবিয়ায় ড্রোন হামলায় নিহত তিন কর্মীর মরদেহসহ ১৫২ জন বাংলাদেশি দেশে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় একটি চার্টার্ড ফ্লাইটে মিসরাতা বিমানবন্দর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

দেশে ফেরা এসব কর্মীদের মধ্যে সম্প্রতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা কয়েকজন বাংলাদেশিও রয়েছেন। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এ তথ্য নিশ্চিত করেছে।

নিহত তিনজন হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার বাবুল হোসেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার এরশাদ, নাটোরের লালপুর উপজেলার নজরুল ইসলাম। তাদের তিনজনের মধ্যে বাবুল ড্রোন হামলায়, এরশাদ বিদ্যুৎস্পৃষ্টে এবং নজরুল বন্দুকযুদ্ধে নিহত হন।

এছাড়া গত ১৮ নভেম্বর দেশটির রাজধানী ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানায় আকাশ থেকে চালানো হামলা ঘটনায় পাঁচ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। মারাত্মকভাবে আহত হয় ১০ বাংলাদেশি।

ব্র্যাকের অভিবাসন কর্মসূচির পক্ষ থেকে বলা হয়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং লিবিয়া ও বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) সক্রিয় সহায়তায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.