Sylhet Today 24 PRINT

শিক্ষায় ভ্যাট : প্রতিবাদে রাস্তা অবরোধ, আন্দোলন চলছে

সিলেটটুডে ডেস্ক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৫

ছবি: উত্তম কাব্য

শিক্ষা পণ্য নয়, শিক্ষায় ভ্যাট নয়- দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধের দ্বিতীয় দিন সিলেট ও ঢাকার কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
টানা দ্বিতীয় দিনের মত সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর, প্রগতি সরণীর মেরুল ও রামপুরা, কাকলীতে বিমানবন্দর সড়ক, মহাখালীতে গুলশানমুখী সড়ক এবং ধানমণ্ডির কয়েকটি অংশে শিক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভের ফলে যানচলাচল বন্ধ রয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আফতাবনগরের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে এসে রামপুরা ব্রিজ ও মেরুল বাড্ডার মধ্যবর্তী সড়ক অবরোধ করে। ফলে রামপুরা থেকে প্রগতি সরণী ও রামপুরা থেকে মৌচাকমুখী সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

ইস্ট ওয়েস্টের পরপরই সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বনানীর কাকলী মোড়ে মিছিল শুরু করে। এর ঘণ্টাখানেক পর সেখানে এলোপাতাড়ি কয়েকটি বাস রেখে তৈরি করা হয় ব্যারিকেড। ফলে বিমানবন্দর সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।

মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে তাদের ক্যাম্পাসের সামনে রাস্তা আটকে পরে মিছিল নিয়ে গুলশান ১ এর দিকে অগ্রসর হয়।

আবদুল্লাহপুর ও হাউজ বিল্ডিংয়ে শিক্ষার্থীদের অবরোধের কারণে টঙ্গীর দিক থেকে যাতায়াত বন্ধ হয়ে গেছে। সেখানে আন্দোলনে দেখা গেছে আইইউবিএটি, উত্তরা ইউনিভার্সিটি ও বিইউএফটি’র শিক্ষার্থীদের।

এদিকে জিগাতলার উত্তর পাশে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলের কারণে সাত মসজিদ রোডের রাস্তার একপাশ আটকে গেছে।

ধানমন্ডি ১৫ নম্বর সড়কে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে আছে।

শংকর পেরিয়ে ২৭ নম্বর সড়কের দুই মাথায় জড়ো হয়ে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা আটকে মিছিল করছে। ফলে মোহাম্মদপুর থেকে জিগাতলার দিকে এবং শংকর থেকে মিরপুর রোডে চলাচলের পথ বন্ধ রয়েছে।

ধানমন্ডিতেই অন্তত ১২টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভ্যাটবিরোধী এই আন্দোলনে রয়েছে।

এই পরিস্থিতিতে সাত মসজিদ রোডের গাড়ি রাসেল স্কয়ার ও পান্থপথ দিয়ে বের করে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে ট্রাফিক পুলিশ।

বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপের প্রতিবাদে গত কয়েক মাস ধরেই আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা।

গত বুধবার (৯ সেপ্টেম্বর) রামপুরায় ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচির মধ্যে পুলিশ গুলি চালালে এর প্রতিবাদে এবং ভ্যাট প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে রাস্তায় নামে আন্দোলনকারীরা। এতে যানজটে পুরো রাজধানী কার্যত অচল হয়ে যায়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অবরোধের পর আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘নো ভ্যাট অন এডুকেশন’ এর পক্ষ থেকে বাংলাদেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজে শনি থেকে সোমবার ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

এরপর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিবৃতিতে জানায়, টিউশন ফি’র ওপর এই ভ্যাট আলাদা করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হবে না বরং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারকে এই ভ্যাট পরিশোধ করবে।

এদিকে এনবিআর এর ব্যাখ্যা ও অর্থমন্ত্রীর নিজের ব্যাখ্যার একদিন পর নিজের অবস্থান থেকে সরে এসে অর্থমন্ত্রী শুক্রবার আবারও বলেন শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে। তবে এ ভ্যাট এ বছর নয়, আগামি বছর থেকেই দিতেই হবে।

এ বছর ভ্যাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেবে বলা হলেও ভবিষ্যতে বিভিন্ন সার্ভিস চার্জ ও টিউশন ফির টাকা বাড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের কাছ থেকেই ওই ভ্যাট আদায় করবে বলে এই শিক্ষার্থীর আশঙ্কা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.