Sylhet Today 24 PRINT

শিক্ষায় ভ্যাট: এবার সম্মানজনক সমাধানের কথা বলছেন মুহিত

নিজস্ব প্রতিবেদক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৫

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট বহাল রাখার ব্যাপারে সরকার অনড় নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ব্যাপারে আলোচনা পথ খোলা রয়েছে বলেও জানান তিনি।

রোববার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, “ভ্যাট নিয়ে যে জটিলতা হয়েছে, সে বিষয়টির একটি সম্মানজনক সমাধানে পৌঁছানো যাবে। শিগগিরই এই সমস্যার সমাধান হবে।”

টিউশন ফির উপর ৭ দশমিক ৫র শতাংশ ভ্যাট আরোপের পর থেকে শিক্ষার্থীদের অব্যাহত আন্দোলনের মুখে এ বক্তব্য দিলেন অর্থমন্ত্রী। 

যদিও আন্দোলনের শুরুর দিকে গত ১৪ আগস্ট সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেছিলেন, ভ্যাট প্রত্যাহারের কোনো সুযোগ নেই। সেদিন শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে সাংবাদিকরা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করলে তিনি ক্ষুব্দ কণ্ঠে বলেন,' তারা ৫০ হাজার টাকা ৩০ হাজার টাকা বেতন দিতে পারে। মাত্র সাড়ে ৭ পাসেন্ট ভ্যাট কেনো দেবে না? তাদের আন্দোলনে আমার কোনোভাবেই সমর্থন নেই।'

শিক্ষার্থীদের আন্দোলনের তীব্রতায় একমাসের মধ্যে নিজ অবস্থান থেকে সরে এসে সম্মানজনক সমাধানের কথা জানাচ্ছেন অর্থমন্ত্রী।

রোববার বিকেলে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘ভ্যাট সমস্যার বাস্তবসম্মত সমাধান করা হবে।’

এসময় অর্থমন্ত্রী বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে, সে বিষয়ে আমরা রিজিড অবস্থান নিইনি।… গত ছয় বছরে আমরা অনেক বিষয় রিভিউ করেছি।”

উল্লেখ্য, ভ্যাট প্রত্যাহারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে রাস্তায় নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা।

সরকার দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপের পর থেকেই শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছে। গত বৃহস্পতিবার তাদের মুখে সরকার জানায়, ওই ভ্যাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেবে, শিক্ষার্থীরা নয়।

কিন্তু কর্তৃপক্ষ শেষ পর্যন্ত বেতন বাড়িয়ে ছাত্রদের কাছ থেকেই ভ্যাটের টাকা আদায় করবে- এই আশঙ্কায় শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে।

মালিকদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতিও ভ্যাটের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।

এনবিআর, অর্থমন্ত্রী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিক সমিতির পরস্পর বিরোধী বক্তব্য এ আন্দোলনে ঘৃতাহুতি দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.