Sylhet Today 24 PRINT

নুসরাত হত্যা: সিরাজসহ চার আসামির আপিল

সিলেটটুডে ডেস্ক |  ০২ ডিসেম্বর, ২০১৯

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ চার আসামি মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে হাই কোর্টে আপিল করেছেন।

মামলার অভিযোগ থেকে খালাস চেয়ে সোমবার (২ ডিসেম্বর) আইনজীবী এডভোকেট জামিউল হক ফয়সালের মাধ্যমে এ আপিল দাখিল করা হয়েছে। আপিল করা অপর তিন আসামি হলেন- নুর উদ্দিন, উম্মে সুলতানা পপি এবং জাবেদ হোসেন। এর আগে সাজাপ্রাপ্ত ১৬ আসামিই কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল করেছিলেন।

ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ গত ২৪ অক্টোবর এক রায়ে নুশরাত হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। আইন অনুযায়ী ফাঁসির রায় অনুমোদনের জন্য ফেনীর আদালত থেকে ডেথ রেফারেন্স হিসেবে রায়টি গত ২৯ অক্টোবর হাইকোর্টে পাঠানো হয়। এ অবস্থায় আসামিরা ফেনীর কারা কর্তৃপক্ষের মাধ্যমে নভেম্বরের প্রথম সপ্তাহে হাইকোর্টে জেল আপিল দাখিল করেন। এ অবস্থায় সোমবার আইনজীবীর মাধ্যমে সরাসরি আপিল দাখিল করেছেন। নিয়ম অনুযায়ী এখন এই মামলার পেপারবুক তৈরি করা হবে। মামলার যাবতীয় নথি দিয়ে এই পেপারবুক প্রস্তুত হবার পর হাইকোর্টে শুনানি হবে।

যৌন নির্যাতনের অভিযোগে গত ২৭ মার্চ একই মাদরাসার তৎকালীন (বর্তমানে বরখাস্তকৃত) অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে মামলা করেন নুসরাতের মা শিরিন আক্তার। মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় গত ৬ এপ্রিল পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয় মুখোশধারী ও বোরকা পরা দুর্বৃত্তরা। অগ্নিদগ্ধ অবস্থায় প্রথমে নুসরাতকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু তার অবস্থা মারাত্মক হওয়ায় তাকে ফেনী সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় নুসরাত গত ১০ এপ্রিল বুধবার রাতে মারা যায়।

এ ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গত ২৯ মে ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। এরপর ২০ জুন ফেনীর বিচার শেষে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার শেষে ফেনীর আদালত ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়ে গত ২৪ অক্টোবর রায় দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.