Sylhet Today 24 PRINT

শাহজালালে সাড়ে ৮ কেজি স্বর্ণসহ আটক এক

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ কেজি ৪৫০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। আটক যাত্রীর নাম হিমেল খান।

সোমবার (২ ডিসেম্বর) রাতে তিনি দুবাই থেকে ঢাকা আসেন।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। রাত আনুমানিক ১১টার দিকে এমিরেটস এয়ারলাইনের ফ্লাইট ইকে-৫৮৪ ঢাকা আসে। সেই ফ্লাইটে দুবাই থেকে আসা হিমেল খানকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হলে তার পিঠের ব্যাগ থেকে ৭২টি স্বর্ণের বার ও ৯৮ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৮ কেজি ৪৫০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি সাড়ে ২২ লাখ টাকা।

হিমেলকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং তার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.