Sylhet Today 24 PRINT

অতঃপর এলো সেই ঘোষণা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০১৫

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর টিউশন ফির ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহার করেছে সরকার।

সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শাহেদুর রহমান সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সচিবালয়ে ভ্যাট প্রত্যাহারের বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্রে জানা যায়, গতকাল রাত থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের সিনিয়র মন্ত্রীদের সঙ্গে শিক্ষার্থীদের আরোপিত ভ্যাট নিয়ে কথা বলেন। এরপরই ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিসভার বৈঠকেও তিনি নিজের সিদ্ধান্ত জানান। মন্ত্রিপরিষদের বেশিরভাগ সদস্যই এটিকে স্বাগত জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনেক খরচ করে শিক্ষা গ্রহণ করছেন তারা এজন্য অতিরিক্ত সাড়ে ৭ শতাংশ ভ্যাট দিতে চান না। এবং সেজন্য তারা ক্লাস ছেড়ে দিয়েছেন, বিভিন্ন জায়গায় সমাবেশ করে জনজীবন বিঘ্নিত করছেন এবং উন্নয়নের যাত্রাপথে বাধার সুযোগ করে দিচ্ছেন। সরকার কোনমতেই শিক্ষাঙ্গনে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় না এবং জনজীবনে অসুবিধারও সৃষ্টি করতে চায় না। সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে সরকার ২০১৫-১৬ অর্থবছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের উপর যে সাড়ে ৭ শতাংশ মূসক আরোপিত হয় সেইটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘সরকার আশা করে যে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকবর্গ তাদের আন্দোলন বন্ধ করে শিক্ষাঙ্গনে ফিরে যাবেন এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় কোন ধরনের বাধা সৃষ্টির সুযোগ দেবেন না।’

বর্তমানে শিক্ষার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘অনেকেই অতি নির্দিষ্ট সামর্থের মধ্যেও ছেলেমেয়েদের শিক্ষার জন্য প্রচুর অর্থ ব্যয় করে থাকেন। ব্যক্তি মালিকানা খাতের প্রতিষ্ঠানে শিক্ষা ব্যয়বহুল। আপনারা জানেন যে, শিক্ষাখাত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সবচেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত খাত। তার বিশ্বাস যে, জাতিকে শিক্ষা দিলেই দেশের উন্নয়নের পথে অগ্রযাত্রা দ্রুতগতি লাভ করে। শিক্ষার উন্নয়নের জন্য সরকার প্রায় ৩৩ কোটি পাঠ্যপুস্তক বিনামূল্যে প্রদান করে। প্রচুর ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করে, খাদ্য সহায়তা দেয় এবং শিক্ষক সৃষ্টিতে ব্যাপক অবদান রাখে।’

ভ্যাট প্রত্যাহারের সংবাদ আন্দোলনকারীদের কাছে পৌঁছলে আনন্দ-উল্লাসে ফেটে পড়ে তারা। সোমবার দুপুর ১টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ উঠেয়ে নেয়। এসময় বিজয় মিছিল করতে করতে ক্যাম্পাসে ফিরে যায় তারা।

গতকাল রোববারই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেছিলেন, ‘ভ্যাট নিয়ে যে জটিলতা হয়েছে, সে বিষয়টির একটি সম্মানজনক সমাধানে পৌঁছানো যাবে। শিগগিরই এই সমস্যার সমাধান হবে।’

তিনি বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে, সে বিষয়ে সরকার অনড় নয়। গত ছয় বছরে আমরা অনেক বিষয়ে পর্যালোচনা করেছি।’

একই সময় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘ভ্যাট সমস্যার বাস্তবসম্মত সমাধান করা হবে।’

প্রসঙ্গত, ভ্যাট প্রত্যাহারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে রাস্তায় নেমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথমে রাজধানীর রামপুরায় ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এসময় পুলিশ তাদের ওপর গুলিও চালায়। এ ঘটনার পরই মূলত আন্দোলন আরো জোরালো হয়। সঙ্গে যোগ দেয় বেসরকারি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা।

এছাড়া এনবিআর, অর্থমন্ত্রী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিক সমিতির পরস্পর বিরোধী বক্তব্য এ আন্দোলনে ঘৃতাহুতি দিয়েছেন। আন্দোলন ক্রমেই দেশব্যাপী ছড়িয়ে পড়ে। সোমবারও সারাদেশে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.