সিলেটটুডে ডেস্ক | ১৪ সেপ্টেম্বর, ২০১৫
জিলহজ মাসের চাঁদ সোমবার দেখা না যাওয়ায় আগামী ২৫ সেপ্টেম্বর বাংলাদেশে ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন হবে।
ইসলামিক ফাউন্ডেশনে সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত সাংবাদিকদের জানান ফাউন্ডেশনের মহাপরিচালক সামিম মো. আফজাল।
তিনি বলেন, “আজ বাংলাদেশের কোথাও জিলহজের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তাই বুধবার থেকে জিলহজ মাস শুরু হবে। ১০ জিলহজ অর্থাৎ ২৫ সেপ্টেম্বর ঈদুল আজহা উদযাপন হবে।”
জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়।
সামিম জানান, চাঁদ দেখা না যাওয়ায় ১৫ সেপ্টেম্বর জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১৬ সেপ্টেম্বর থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।
প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, ওয়াকফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. বোরহান উদ্দিন, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) নাসির আহমেদ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দিন আহমাদ, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম সভায় উপস্থিত ছিলেন।