নিউজ ডেস্ক | ১৫ সেপ্টেম্বর, ২০১৫
আমান মমতাজ আহমদ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের একমাত্র ছেলে আমান মমতাজ আহমদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৩৮।
মওদুদ আহমদের একান্ত সহকারী শহিদুল ইসলাম জানান, আমানকে সোমবার রাতে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। কিন্তু মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নামার আগেই তার মৃত্যু হয়।
গণমাধ্যমে তিনি বলেন, “এয়ার অ্যাম্বুলেন্স রাত সাড়ে ৪টায় সিঙ্গাপুরে পৌঁছায়। তার কিছুক্ষণ আগে আমান স্যার মারা যান বলে আমাদেরকে টেলিফোনে জানানো হয়েছে।” মওদুদ আহমদ ও তার স্ত্রী হাসনা মওদুদ ছেলের সঙ্গে ওই বিমানেই ছিলেন।
এর আগে গত ৯ সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত হলে আমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে। শরীরের তাপমাত্রা না কমায় সোমবার তাকে আইসিইউতে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে।
আমান মমতাজ আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি শোকবার্তায় আমানের আত্মার শান্তি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেশে টেলিফোন করে শোক জানিয়েছেন।