Sylhet Today 24 PRINT

৫ জনকে অভিযুক্ত করে সাংবাদিক অঞ্জন রায়ের জিডি

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০১৯

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে হুমকি পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর অঞ্জন রায়।

শনিবার (১৪ ডিসেম্বর) রমনা থানায় তিনি এই জিডি করেন। জিডির পর বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে অঞ্জন রায় লিখেছেন, ‘এবার আইনের পথেই ফয়সালা হোক। সহ্যের সীমা অতিক্রম করেছে রাজাকারের ছানাপোনাদের গালাগাল।’

সাধারণ ডায়েরিতে অঞ্জন রায় উল্লেখ করেন, ‘গত ১২ ডিসেম্বর আমার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাদের মোল্লাকে দৈনিক সংগ্রাম পত্রিকায় শহীদ হিসেবে উল্লেখ করার প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দেই। এরপর থেকে জামায়াত ও ছাত্র শিবিরের কর্মীসহ কিছু মানুষ আমাকে সোশ্যাল মিডিয়ায় ও সরাসরি হুমকি দিয়ে চলেছে। এই পরিস্থিতিতে আমি নিম্নলিখিত ব্যক্তিদের হুমকির কারণ মনে করছি। তারা হচ্ছেন- দৈনিক সংগ্রাম সম্পাদক আবুল আসাদ, জামায়াত নেতা ড. শফিকুর রহমান ও মকবুল আহমদ এবং ছাত্র শিবিরের সভাপতি মোবারক হোসেন ও সম্পাদক সিরাজুল ইসলাম। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমার ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করছি।’

সাংবাদিক অঞ্জন রায় বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার প্রতিবাদটুকু জানিয়েছি। এরপর থেকে আমাকে ছাড়াও আমার বাবা, দাদা, নানা থেকে শুরু করে জাতির জনক বঙ্গবন্ধু ও তার কন্যাকে নিয়েও গালাগাল করে যাচ্ছে। আমি আইনে বিশ্বাস করি। আমি আশা করি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সেই সক্ষমতা আছে, তারা সাইবার অপরাধীদের ধরতে পারবে। আমি জিডিতে যে পাঁচজনের নাম উল্লেখ করেছি, তারাই আসলে এই বিষয়গুলোকে নানাভাবে উস্কানোর কাজ করেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল থেকেই শুরু হয়েছে আমাকে আক্রমণ করে লেখা। আমার কাছে মনে হয়েছে এটা পরিকল্পিত। আমি শঙ্কিতই বোধ করছি।’

রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘সাংবাদিক অঞ্জন রায় নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। সেটা নিয়ে আমরা কাজ শুরু করেছি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.