Sylhet Today 24 PRINT

রোববার রাজাকারদের তালিকা প্রকাশ করবে সরকার

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০১৯

উনিশো একাত্তরে যারা খুন, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠনে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিলেন তাদের নামের তালিকা প্রকাশ করবে সরকার।

রোববার (১৫ ডিসেম্বর) সরকারি পরিবহন পুল ভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এ তালিকা প্রকাশ করা হবে। তালিকা প্রকাশ করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন। তালিকাটি এ আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্রকাশ করার কথা ছিল। এখন বিজয় দিবসের একদিন আগেই তা প্রকাশ করা হচ্ছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে রাজাকারদের তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়।

কমিটির সভাপতি শাজাহান খান সাংবাদিকদের বলেন, তালিকা হাতে আসা শুরু হয়েছে। মন্ত্রণালয় বলেছে, ১৬ ডিসেম্বরের আগে থেকে যতটুকু আসবে পর্যায়ক্রমে তা প্রকাশ করা হবে।

সেই সাথে মুক্তিযোদ্ধাদের তালিকাও প্রকাশ করা হবে বলে জানান তিনি।

গত ২৫ আগস্ট সংসদীয় কমিটির বৈঠকে রাজাকারদের তালিকা সংগ্রহের কাজ শুরু হওয়ার কথা জানায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বৈঠকে জানানো হয়েছিল, রাজাকার, আলবদর, আলশামস, শান্তি কমিটির সদস্যদের তালিকা সংগ্রহ করে তা রক্ষণাবেক্ষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আধাসরকারি (ডিও) চিঠি পাঠানো হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.