Sylhet Today 24 PRINT

‘মহানবীকে কটূক্তি’, ফেসবুক পেজ ধর্মকারী ডটকম বন্ধের নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৫

মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তির দায়ে ‘ধর্মকারী ডটকম’ নামের ফেসবুক পেজ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী ৩০ দিনের মধ্যে এই ফেজবুক পেইজ বন্ধ করতে বিটিআরসিকে নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

বৃহস্পতিবার এ বিষয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন আরিফুর রহমান নামের এক ব্যক্তি।

মঙ্গলবার আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন বঙ্গবন্ধু মহিলা আইনজীবী সমিতির সুপ্রিম কোর্ট শাখার সম্পাদক সৈয়দা সাবিনা আহমেদ মলি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

পরে আদালত থেকে বেরিয়ে সৈয়দা সাবিনা আহমেদ মলি বলেন, ‘সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের একটি পেজ এবং একটি ওয়েবসাইটে হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য রয়েছে। বিষয়গুলো রিটকারীর কাছে ধর্ম অবমাননা মনে হয়েছে। মন্তব্যগুলো নিয়ে আরিফুর রহমান শাহজাহানপুর থানায় এজাহার করতে গেলে তা গ্রহণ করা হয়নি।’

রিটে স্বরাষ্ট্র, তথ্য মন্ত্রণালয়ে সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাবের মহাপরিচালক (ডিজি), বিটিআরসির চেয়ারম্যান, ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি), শাহজাহানপুর থানার ওসিসহ নয়জনকে বিবাদী করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.