নিজস্ব প্রতিবেদক | ১৫ সেপ্টেম্বর, ২০১৫
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর মৃত্যুতে মৌলভীবাজারের সব সড়ক যেন মিশেছে মন্ত্রীর মৌলভীবাজার শহরের ৩৬ শ্রীমঙ্গল সড়কের বাড়িতে। বাড়ির চারপাশে কোন দেওয়াল নেই তাই লোকে লোকারণ্য। সবার সকরুণ অপেক্ষা- কখন আসবে প্রিয় মানুষের সে মরদেহ? প্রিয় নেতা, প্রিয় মানুষকে একনজর দেখার যেন অনন্ত প্রতীক্ষা!
সৈয়দ মহসীন আলী আওয়ামী লীগ নেতা হলেও শহর মৌলভীবাজারের সবা আপনজন। তাই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাম দলগুলোর নেতাকর্মীদের সবার চোখে জল।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নিজ দল আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীসহ সাধারণ মানুষেরা প্রিয় নেতার বাড়িতে ভিড় জমান।
মৌলভীবাজার পৌরসভার মেয়র এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল করিম ময়ূন বলেন, আওয়ামীলীগ করলেও সকল দল ও মতের মানুষের সাথে তাঁর ছিলো বন্ধুতপুর্ণ। তিনি ছিলেন এ অঞ্চলের মানুষের অভিভাবক।
সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে তাঁর বাড়িতে শোকবই খোলা হয়েছে। আয়োজন করা হয়েছে ক্বোরআন খতমের। বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মন্ত্রীর পরিবার থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
এদিকে, সিঙ্গাপুরে মন্ত্রীর প্রথম জানাজা শেষে লাশ দেশে আসবে। এরপর ঢাকায় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে মরদেহ নিয়ে মৌলভীবাজারের পথে রওয়ানা দেওয়া হবে।
মৌলভীবাজার শাহ মোস্তফা মাজারের পশ্চিম পাশে মা-বাবার কবরের পাশে সৈয়দ মহসিন আলীকে সমাহিত করা হবে বলে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তার পরিবারের পক্ষ থেকে কবরের জায়গা নির্ধারণ করা হয়েছে এবং জানাজার নামাজের জন্য মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রস্তুতের কাজ চলছে। সৈয়দ মহসিন আলীর লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর থেকে মহসিন আলীর মরদেহ ঢাকায় এসে পৌঁছাবে।
এরপর তার মরদেহ ৩৪ মিন্টু রোডস্থ সরকারি বাসভবন নেওয়া হবে। বুধবার সকালে ৮টায় দিকে সব সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য মরহেদ কেন্দ্রীয় শহিদ মিনারে রাখা হবে।
বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে তার প্রথম নামাজে জানাজার পর দুপরে ১২টার দিকে হেলিকপ্টারে করে ঢাকা থেকে মৌলভীবাজারে নিয়ে আসা হবে।
এরপর একই দিন (বুধবার) বিকেল ৪টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে শাহ মোস্তফা মাজারে বীর মুক্তিযোদ্ধা সাবেক সমাজকল্যাণ
মন্ত্রী সৈয়দ মহসিন আলীকে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে।
উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর সোমবার ভোরে সিঙ্গাপুর জেলারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহসিন আলীর মৃত্যু হয়।
নিউমোনিয়া, ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা নিয়ে ৩ সেপ্টেম্বর ভোরে বারডেম হাসপাতালে ভর্তি হন মন্ত্রী। সেখানে তাকে লাইফ সাপোর্টে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ৫ সেপ্টেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
২০০৮ এবং ২০১৪ সালে সংসদ সদস্য হওয়ার আগে মৌলভীবাজার পৌরসভায় পরপর ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন সৈয়দ মহসিন আলী।