Sylhet Today 24 PRINT

সততার সঙ্গে বিজিবিকে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০১৯

নিয়ম-নীতি মেনে সততার সঙ্গে কাজ করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাজ করতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজিবির কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমি আশা করবো আপনারা নিয়ম নীতি মেনে, শৃঙ্খলার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বের বুকে এখন আমাদের দেশ উন্নয়নের রোল মডেল। এই দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, সরকার সবার সুযোগ-সুবিধা-বেতন বাড়িয়েছে, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

তিনি বলেন, অনেক চড়াই উৎরাই পেরিয়ে এই অর্জন এসেছে। আমি চাই আপনারা দেশকে ভালোবেসে দেশের মানুষের জন্য কাজ করবেন। জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন। তার লক্ষ্য ছিল ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, সুখী, সমৃদ্ধ সোনার বাংলা। তিনি তা গড়ে যেতে পারেন নাই। এখন আমাদের দায়িত্ব বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা। এরই মধ্যে আমরা অনেক এগিয়েছি, অনেক সাফল্য এসেছে। তবে এখানেই শেষ নয়, সামনে আরও এগোতে হবে।

এ সময় বিজিবি সদস্যদের নিয়ম মেনে শৃঙ্খলা ও সততার সঙ্গে দেশের প্রতি তাদের যে দায়িত্ব তা পালনের আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বিজিবির অগ্রযাত্রার যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশা করেন।

তিনি বলেন, আমি বিশ্বাস করি জাতির পিতার নিজের হাতে গড়া এই প্রতিষ্ঠান সীমান্তরক্ষী বাহিনী হিসেবে সারা বিশ্বের বুকে নাম করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.