Sylhet Today 24 PRINT

রাজউকের সাবেক প্রধান প্রকৌশলীর জামিন

এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০১৯

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে আগুন লাগার ঘটনায় করা মামলায় রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমানকে জামিন দিয়েছেন হাই কোর্ট।

বুধবার (১৮ ডিসেম্বর) এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ এই জামিন দেন।

তবে হাই কোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান ও আসামিপক্ষে ছিলেন মো. কামরুল ইসলাম।

এই মামলায় রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমানকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে গত ৩ ডিসেম্বর ১০ দিনের রুল জারি করেন হাই কোর্ট।

বুধবার আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বলেন, আদালত গত ৩ ডিসেম্বর রুল জারি করেছিলেন। আজ তার নিষ্পত্তি করে মো. সাইদুর রহমানকে জামিন দিয়েছেন। তবে এ জামিনাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা হবে।

গত ২৫ নভেম্বর ওই প্রকৌশলীকে বিচারিক আদালতে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন হাই কোর্ট। এর পরিপ্রেক্ষিতে গত ২৮ নভেম্বর মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করেন তিনি। তবে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান। এরপর তিনি হাই কোর্টে জামিন আবেদন করেন।

মামলার বিবরণে লেখা হয়েছে, ‘আসামিগণ অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর বিধিবিধান লঙ্ঘন করে, ৩২ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকায় ভবন নির্মাণে ১৫ তলার স্থলে ১৮ তলা ভবনের নকশা অনুমোদন ও ডেভিয়েশনসহ ১৮ তলা এফআর টাওয়ার নির্মাণ করে। এ কারণে দুদকের উপপরিচালক মো. আবু বকর সিদ্দিক পাঁচজনকে আসামি করে গত ২৫ জুন, সজেকা, ঢাকা -১ দুদক মামলা নং ২ দায়ের করেন। মামলাটির অভিযোগপত্র প্রস্তুত হয়ে গেছে, যে কোনো সময় তা আদালতে দাখিল করা হবে।’

উল্লেখ্য, এফআর টাওয়ার অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন মারা যান ও ৭৩ জন পঙ্গুত্ববরণ করেন।

এই মামলায় অন্য আসামিরা হলেন ইজারা গ্রহিতা সৈয়দ মো. হোসাইন ইমাম ফারুক, রুপায়ন হাউজিং এস্টেট লিমিটেড এর চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন খাদেম ও রাজউকের সাবেক অথরাইজড অফিসার সৈয়দ মকবুল আহমেদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.