Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগের সম্মেলন: পদ্মা সেতুর আদলে তৈরি হচ্ছে মঞ্চ

সিলেটটুডে ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০১৯

আওয়ামী লীগের এবারের সম্মেলনের স্লোগান- 'শেখ হাসিনার নেতৃত্বে/বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে গড়তে সোনার দেশ/এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ।' ইতোমধ্যে সম্মেলন ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা শুরু হয়েছে। কেন্দ্রীয় নেতারা ধানমন্ডির কার্যালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ১১টি উপ-কমিটির নেতারা সম্মেলনের কার্যক্রম প্রায় গুছিয়ে এনেছেন।

এবারের সম্মেলনের মঞ্চ তৈরি করা হচ।ছে। পদ্মা সেতুর আদলে। মঞ্চ নির্মাণের কাজও প্রায় শেষের দিকে। পদ্মা সেতুর নিচে থাকবে প্রাকৃতিক দৃশ্য। নদীতে থাকবে অসংখ্য ছোট নৌকা। এর মধ্যে একটি বড় আকৃতির নৌকায় সম্মেলন মঞ্চটি দেখানো হবে। মঞ্চটি হবে ডিজিটাল। এর উচ্চতা ২৮ ফুট। দৈর্ঘ্য দেড়শ' ফুট। প্রস্থ ১৪০ ফুট। ২৮টি এলইডি পর্দায় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান তুলে ধরা হবে।

জাতীয় পতাকা ও জাতীয় স্মৃতিসৌধ শোভিত সম্মেলন মঞ্চে থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি। মঞ্চের বাম দিকে পর্যায়ক্রমে থাকবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকসহ হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আবদুর রশিদ তর্কবাগীশের প্রতিকৃতি। ডান দিকে পর্যায়ক্রমে থাকবে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানের প্রতিকৃতি।

'স্বর্ণোজ্জ্বল অতীত/অদম্য উন্নয়নের বর্তমান/বিশ্ব জয়ের লক্ষ্যে আগামী' স্লোগান লেখা সম্মেলন মঞ্চে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ছবিও শোভা পাবে। আওয়ামী লীগের পতাকাও থাকবে মঞ্চের ডিজিটাল ব্যানারে। সম্মেলন অঙ্গনেও থাকবে আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক। সচিত্র বিবরণের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কর্মকাণ্ড। স্বৈরাচার সরকারবিরোধী আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বের ছবিও থাকবে।

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছাড়াও সেখানে থাকবে বঙ্গবন্ধুর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়, সায়মা হোসেন পুতুল ও রাদওয়ান মুজিব সিদ্দিক ববির ছবি। আওয়ামী লীগের সাবেক চার সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, আবদুর রাজ্জাক, আবদুল জলিল ও সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দলীয় সভাপতির সাংগঠনিক কার্যক্রমের চিত্রও তুলে ধরা হবে। সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিভিন্ন দেশের প্রধান ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবিও থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.