Sylhet Today 24 PRINT

আ.লীগের সম্মেলনে যাচ্ছেন না বিএনপিসহ ঐক্যফ্রন্ট নেতারা

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৯

ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যাচ্ছেন না বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপির নেতারা।

সম্মেলনে না যাওয়ার বিষয়টি ঐক্যফ্রন্ট এবং বিএনপির দলীয় সূত্র নিশ্চিত করেছে।

শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঐক্যফ্রন্টের কোনো নেতা আওয়ামী লীগের সম্মেলনে যাচ্ছেন না বলে জানিয়েছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

এদিকে আওয়ামী লীগের সম্মেলনে বিএনপির কেউ যাবেন কিনা সে বিষয়টি জানাতে পারেননি বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, দলের কেউ যাবেন কিনা সেটি এখনো আমাকে জানানো হয়নি।

জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি কেন সম্মেলনে যাচ্ছে না সে বিষয়ে নেতারা প্রকাশ্যে কিছুই বলছেন না। তবে দেশে ‘সুস্থ রাজনৈতিক পরিবেশ নেই’ বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ চার নেতাকে আওয়ামী লীগের সম্মেলনের দাওয়াতপত্র দেওয়া হয়। আমন্ত্রণ পাওয়া অন্যরা হলেন- ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও মির্জা আব্বাস। তিনজনই দলের স্থায়ী কমিটির সদস্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.