Sylhet Today 24 PRINT

ভারতীয় হাইকমিশনারের খুলনা গণহত্যা জাদুঘর পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক |  ২২ ডিসেম্বর, ২০১৯

খুলনা গণহত্যা আর্কাইভ ও জাদুঘর পরিদর্শনকালে ভারতের হাইকমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলী দাশ ও গণহত্যা জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন

খুলনায় অবস্থিত গণহত্যা আর্কাইভ ও জাদুঘর পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ। রোববার (২২ ডিসেম্বর) বিকালে গণহত্যা বিষয়ক দক্ষিণ এশিয়ার একমাত্র এই জাদুঘর পরিদর্শনকালে তার সঙ্গে ভারতীয় একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিলেন।

হাইকমিশনার রীভা গাঙ্গুলী গণহত্যা জাদুঘরের প্রতিটি কক্ষ পরিদর্শন করে একাত্তরের গণহত্যার নিদর্শন দেখে আবেগে আপ্লুত হয়ে যান। বিপুল এই নিদর্শন থাকা সত্ত্বেও পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক ভয়াবহ এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় তিনি বিস্ময় প্রকাশ করেন।

দক্ষিণ এশিয়ার একমাত্র গণহত্যা জাদুঘর হিসেবে গণহত্যার নিদর্শন ও তথ্য-উপাত্ত সংগ্রহে নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য তিনি গণহত্যা জাদুঘরকে ধন্যবাদ জানান। পাশাপাশি ভারতীয় সরকারের পক্ষ থেকে গণহত্যা জাদুঘর ও গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রকে সকল ধরনের সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন তিনি।

এরআগে, ভারতীয় হাইকমিশনার জাদুঘরে পৌঁছালে গণহত্যা জাদুঘর ট্রাস্টের সভাপতি ড. মুনতাসীর মামুন তাকে স্বাগত জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণহত্যা জাদুঘর ট্রাস্টি ড. চৌধুরী শহীদ কাদের, ট্রাস্টি শংকর কুমার মল্লিকসহ জাদুঘর ও ভারতীয় দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.