সিলেটটুডে ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি নুরুল হক নূরসহ তার সমর্থকদের ওপর হামলার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকালে মামলাটি হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।
প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর (রোববার) দুপুরে ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা হামলা চালায়। ভিপির কক্ষে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নুর ও তার সংগঠনের অন্তত ১৭ জন নেতাকর্মী আহত হন। এই ঘটনায় শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে ২৩ ডিসেম্বর দিবাগত রাত ১২টায় একটি মামলা করে। এছাড়াও নুর একটি অভিযোগ দায়ের করে। পরে পুলিশ মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুন, ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য ও মেহেদী হাছান শান্তকে গ্রেপ্তার করে। তারা বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছেন।
এছাড়াও ২৪ ডিসেম্বর ৩৭ জনকে আসামি করে নুরুল হক নুর একটি অভিযোগপত্র দেন শাহবাগ থানায়। পুলিশ তার অভিযোগও গ্রহণ করেন। একই সঙ্গে দুটি এজাহারের তদন্ত করবে পুলিশ।