Sylhet Today 24 PRINT

সংসদ সদস্য পদ ছাড়লেন তাপস

সিলেটটুডে ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০১৯

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার (২৯ ডিসেম্বর) আওয়ামী লীগ থেকে মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার কিছুক্ষণ পর তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান।

শেখ ফজলে নূর তাপসের মিডিয়া সমন্বয়কারী তারেক শিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর আড়াইটায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। এখন বিধি অনুযায়ী তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন। এর মধ্যে ডিএসসিসি নির্বাচনে মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.