Sylhet Today 24 PRINT

আমি মানুষ, ফেরেশতা না: সাঈদ খোকন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০১৯

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাননি। ২০১৫ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ঢাকা দক্ষিণের মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি।

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে মেনে তিনি জানান, নেত্রী ভালো মনে করেছেন, আলহামদুলিল্লাহ। নিজের ব্যর্থতা বা সফলতা প্রসঙ্গে বলেছেন, তিনি বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছেন। তবে মানুষের ভুল ভ্রান্তি থাকতে পারে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচন। এ নির্বাচনের জন্য আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন শেখ ফজলে নূর তাপস।

সাঈদ খোকন বলেন, ইতিবাচক পরিবর্তনের ধারা সূচনা করতে সক্ষম হয়েছি। মৌলিক সমস্যাগুলো সমাধান করতে সক্ষম হয়েছি। আমি অনেকটাই সফল হয়েছি। আমি মানুষ, আমি ফেরেশতা না। আমার ভুলভ্রান্তি থাকতে পারে।

তার অভিজ্ঞতা ও পরামর্শ দিয়ে পরবর্তী মেয়রকে সাহায্য করবেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আমার নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমার জন্য যা ভালো মনে করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার জন্য যেটা ভালো মনে করেছেন, উনি সেটা করেছেন।

খোকন বলেন, ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে সক্ষম হয়েছি। এই ধারা অব্যাহত থাকবে। পরবর্তী মেয়র তা এগিয়ে নিয়ে যাবেন। যিনিই মেয়র হন, তার প্রতি আমার সার্বিক সহযোগিতা থাকবে।

নিজের কাজ সম্পর্কে সাঈদ খোকন জানান, জলসবুজে ঢাকা’র প্রকল্পের কাজ প্রায় ৮০ শতাংশের বেশি হয়েছে। আগামী দু- তিন মাসে তা শেষ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, কিছু প্রকল্প আছে সময় সাপেক্ষ ব্যাপার। আশা করছি জনগণের ভোটে নির্বাচিত মেয়র যিনি আসবেন তিনি বাকি কাজ সমাপ্ত করবেন। একজনের পক্ষেই তো সমস্ত কিছু হয় না। আমি শুরু করে দিয়ে গেলাম বাকি কাজ যিনি আসবেন তিনি করবেন। এটাই প্রক্রিয়া। এভাবেই আমাদের শহর, দেশ এগিয়ে যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.