Sylhet Today 24 PRINT

৭০ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০১৯

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ৭০তম বারের মতো পিছিয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি নতুন করে দিন ধার্য করেছেন আদালত। সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এ দিন নির্ধারণ করেন।

আদালতের সাধরণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোহাম্মদ আসাদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া তদন্ত প্রতিবেদন দাখিল না করায় বিচারক এ আদেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরের দিন ভোরে তাঁদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রুনির ভাই বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। মামলার পর রুনির কথিত বন্ধু তানভীর রহমানসহ মোট আটজনকে আটক করা হয়। বাকিরা হলেন—রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল, তানভীর, আবু সাঈদ ও বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির।

এর মধ্যে মধ্যে পলাশ রুদ্র পাল ও তানভীর রহমান জামিনে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.