Sylhet Today 24 PRINT

শতবর্ষী ইসহাক আলীকে গণভবনে ডেকে নিলেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০১৯

আওয়ামী লীগের ১০৪ বছর বয়সী নেতা ইসহাক আলী মাস্টারকে গণভবনে ডেকে নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় শতবর্ষী ইসহাক আলীর কাছ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ শুনেছেন প্রধানমন্ত্রী।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় শতবর্ষী এই বৃদ্ধকে গণভবনে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি ১৯৫০ সালে যশোরে বঙ্গবন্ধুর জনসভার স্মৃতিচারণ শোনেন। গণভবনে ইসহাক আলী মাস্টারের সঙ্গে ছিলেন তার ছেলে ও পুত্রবধূ।

গত ২০ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনে লাঠিতে ভর দিয়ে যোগ দেন করেন কুষ্টিয়ার ইসহাক আলী মাস্টার।

আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম জানান, আওয়ামী লীগের শতবর্ষী নেতা ইসহাক আলী মাস্টারকে গণভবনে ডেকেছিলেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি তার সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। ১৯৫০ সালে জাতির পিতা যশোর সফর করেছিলেন। সে সময় মঞ্চে কে কে উপস্থিত ছিলেন এবং সে দিন ভাষণে কী বলেছিলেন সে সব স্মৃতিচারণ প্রধানমন্ত্রী তার কাছ থেকে শোনেন।

এক পর্যায়ে ইসহাক আলী মাস্টার আবেগে আপ্লুত হয়ে প্রধানমন্ত্রীর মাথায় হাত বুলিয়ে দোয়া করেন এবং গণভবনে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনাদের মতো বঙ্গবন্ধুপ্রেমী আছে বলেই আওয়ামী লীগের ভীত এতো শক্ত।




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.