Sylhet Today 24 PRINT

৪৫ টাকা খরচে মাত্র ৩ দিনেই মিলবে মৌজা ম্যাপ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০২০

জমির মৌজা ম্যাপ ও খতিয়ান। শিগগির এগুলো ওয়েবসাইটে দেখা যাবে। মাত্র ৪৫ টাকা মোবাইল অথবা অনলাইন পেমেন্টের মাধ্যমে ফি পরিশোধ করলে সরাসরি কিংবা ডাকযোগে তিন কার্যদিবসের মধ্যে আরএস খতিয়ান ও মৌজা ম্যাপের সত্যায়িত কপি পাওয়া যাবে।

বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে 'হাতের মুঠোয় ভূমিসেবা' শীর্ষক ঢাকা কালেক্টরেটের ভার্চুয়াল রেকর্ড রুম উদ্বোধন করার সময় এ কথা বলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ভূমি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী।

মন্ত্রী আরও বলেন, ছয় মাসের মধ্যে দেশের সব জেলার ভার্চুয়াল রেকর্ড রুম চালু হবে। পরীক্ষামূলকভাবে শুরু হওয়া ঢাকা কালেক্টরেট ভার্চুয়াল রেকর্ড রুম নতুন বছরে ঢাকা জেলার অধিবাসীদের জন্য ভূমি মন্ত্রণালয়ের উপহার। নামজারিও যেন সাত দিনের মধ্যে করা যায় সে ব্যাপারে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. নুরুন্নবী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.