Sylhet Today 24 PRINT

ছাত্রলীগের পুনর্মিলনীতে সুলতান মনসুর

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০২০

ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সংগঠনটির সাবেক নেতাদের কাতারে মূল মঞ্চে বসেছেন গণফোরামের ধানের শীষ নিয়ে মনোনীত ও নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর।

তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি, ডাকসু’র সাবেক ভিপি এবং আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে একই মঞ্চে উপস্থিত রয়েছেন তিনি। সাথে উপস্থিত রয়েছেন প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ছাত্রলীগের অধিকাংশ সভাপতি-সাধারণ সম্পাদক।

২০১৮ সাল পর্যন্ত ছাত্রলীগের নেতৃত্ব দেওয়া সাইফুর রহমান সোহাগ এবং এস এম জাকির উপস্থিত রয়েছেন। তবে পদ থেকে অপসারিত রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে মঞ্চে দেখা যায়নি।

ছাত্রলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছাত্র নেতাদের সারাদেশ থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীদের সামনে পরিচয় করিয়ে দেন এ পুনর্মিলীতে।

মঞ্চে উপস্থিত হন গণফোরাম থেকে বহিস্কার হওয়া সুলতান মোহাম্মদ মনসুর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণফোরাম থেকে মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার-২ সংসদীয় আসন থেকে নির্বাচিত হন। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে তার দল এবং বিএনপি নেতৃত্বাধীন জোট বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ থেকে বিরত থাকতে বলা হয়। কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেয়ায় তখন তাকে বহিস্কার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.