Sylhet Today 24 PRINT

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নারী ‘মাদক কারবারি’ নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০২০

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সমুদা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী মগপাড়ার পাশে লবনের মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত নারী ইয়াবা ব্যবসায়ী ছিলেন এবং এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যরা হলেন, উপ-পরিদর্শক আরিফুর রহমান, কনস্টেবল রুবেল, রাশেল ও হাবিব।

নিহত নারী টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের সাতঘড়িয়া পাড়া এলাকার মৃত নুর সালামের স্ত্রী।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, রোববার ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী মগপাড়ার পাশে লবনের মাঠ দিয়ে ইয়াবা পাচারের খবরে পুলিশের একটি টিম সেখানে গেলে মাদক কারবারিরা গুলি বর্ষণ করে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে পুলিশের কয়েকজন আহত হন। এক পর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নারী মাদক কারবারিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.