Sylhet Today 24 PRINT

আপিল বিভাগের প্রথম কোনো বিচারপতি সংবর্ধনা ছাড়াই অবসরে

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৫

আনুষ্ঠানিক কোনো সংবর্ধনা ছাড়াই বিদায় নিয়ে অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। তিনি ১ অক্টোবর অবসরে গেলেও বৃহস্পতিবারই ছিলো তার শেষ কার্যদিবস। কারণ শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে অবকাশে যাচ্ছেন উচ্চ আদালত।

শেষ কার্যদিবসও কোনো শুনানিতে অংশ না নিয়েই কাটান বিচারপতি চৌধুরী। গত ৯ সেপ্টেম্বর থেকে কার্যতালিকা অনুযায়ী তিনি কোনো বেঞ্চে ছিলেন না।

এর আগে বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বে বিচারপতি ইমান আলীর সঙ্গে আপিল বিভাগের দ্বিতীয় বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপিপন্থী সদস্যরা তাকে বিদায় সংবর্ধনা জানাবে না বললেও আওয়ামী লীগপন্থীরা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়েছিলেন। এটর্নি জেনারেল কার্যালয়ও জানিয়েছিলো, বিদায়ী বিচারপতিকে সংবর্ধনা জানানো হবে।

তবে, রীতি অনুযায়ী শেষ পর্যন্ত কেনো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলো না সে বিষয়ে আওয়ামী লীগপন্থী কোনো আইনজীবী বা এটর্নি জেনারেল কার্যালয়ের কেউ কোনো কথা বলতে রাজি হননি।

তবে তাঁর সংবর্ধনা না পাওয়ার সাথে প্রধান বিচারপতি এসকে সিনহার সাথে দ্বন্দের সম্পর্ক থাকতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।

-চ্যানেলআই অনলাইন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.