সিলেটটুডে ডেস্ক | ১৫ জানুয়ারী, ২০২০
৩০ জানুয়ারি ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে নির্বাচন কমিশন অভিমুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পদযাত্রা এখন শাহবাগে অবস্থান নিয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১২টা থেকে ঢাবি শিক্ষার্থীরা তাদের কর্মসূচি শুরু করে। পরে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা শুরু করে শাহবাগে অবস্থান নেয় তারা।
এ ঘটনায় শাহবাগ মোড়ের চতুর্দিকের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সব দিকের রাস্তাতেই গাড়ি আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস বলেন, নির্বাচন কমিশনকে আমরা ১২টা পর্যন্ত সময় বেধে দিয়েছিলাম। এর মধ্যে দাবি না মানলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। তারই অংশ হিসেবে আমরা এখন শাহবাগে অবস্থান নিয়েছি।
বঙ্গবন্ধু হল সংসদের জিএস মেহেদী হাসান শান্ত বলেন, নির্বাচন কমিশন ঘেরাওয়ের উদ্দেশে যাত্রা করতে গিয়ে শাহবাগ মোড়ে আমাদের আটকে দেওয়া হয়েছে। সে কারণে আমরা এখানেই বসে পড়েছি।
এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ চত্বর থেকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের তারিখ পেছাতে নির্বাচন কমিশনকে (ইসি) ১৮ ঘণ্টার আল্টিমেটাম দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগে ঢাবি শিক্ষার্থীরা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাসহ অন্য নির্বাচন কমিশনারদেরও পদত্যাগ দাবি করেন তারা।
ঢাকার দুই সিটি নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণার পর বিভিন্ন মহল থেকে তারিখ পরিবর্তনের দাবি জানানো হয়। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে একাধিকবার ভোটের তারিখ পেছাতে চিঠি দেওয়া হয় নির্বাচন কমিশনে। অন্য একাধিক সংগঠনও নির্বাচন কমিশনকে ভোটের তারিখ পেছানোর আহ্বান জানায়। তবে তাতে কাজ হয়নি। নির্বাচন কমিশন নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে।
পরে সরস্বতী পূজার সঙ্গে ঢাকা সিটি নির্বাচন অনুষ্ঠানের তারিখ ধর্মীয় দিক থেকে সাংঘর্ষিক উল্লেখ করে হাই কোর্টে রিট করেন আইনজীবী অশোক কুমার ঘোষ। নির্বাচন কমিশন জানিয়েছিল, আদালত নির্দেশ দিলেই কেবল তারা ভোটের তারিখ পেছাতে পারবেন। তবে মঙ্গলবার শুনানি নিয়ে রিটটি খারিজ করে দেন হাই কোর্ট। ফলে ৩০ জানুয়ারিই ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ বহাল রয়েছে।
আদালতের এ আদেশের পর রিটকারী আইনজীবী অশোক কুমার ঘোষ জানিয়েছিলেন, তিনি আপিল করবেন।