Sylhet Today 24 PRINT

প্রথম আলোর সম্পাদকসহ ৫ জনের আগাম জামিনের আবেদন

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জানুয়ারী, ২০২০

রাজধানীর রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী নাঈমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ পাঁচ জনের আগাম জামিনের আবেদন করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়। অন্যরা জামিন আবেদনকারীরা হলেন— আনিসুল হক, শাহ পরান তুষার, মহিতুল আলম পাভেল ও কবির বকুল।

এর আগে গত ১৬ জানুয়ারি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম।

এ মামলার আসামিরা হলেন— মতিউর রহমান, কবির বকুল, শুভাশিষ প্রামাণিক শুভ, মহিতুল আলম পাভেল, শাহপরান তুষার, জসিম উদ্দিন অপু, মোশারফ হোসেন, সুজন ও কামরুল হায়দার।

একইদিনে (১৬ জানুয়ারি) মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল আলীম এ ১০ জনকে আসামি করে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনটি আমলে নিয়ে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১ নভেম্বর বিকালে রেসিডেন্সিয়াল কলেজ ক্যাম্পাসে  একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয় নাইমুল আবরার রাহাত। মৃত আবরার রাহাত স্কুল শাখার নবম শ্রেণির ছাত্র ছিল। ঘটনার পরদিন আবরারের বাবা মজিবুর রহমান মোহম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা এবং ৬ নভেম্বর অবহেলাজনিত কারণ উল্লেখ করে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আমিনুল হকের আদালতে আরও একটি মামলা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.