Sylhet Today 24 PRINT

মিজান ও বাছিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল

সিলেটটুডে ডেস্ক  |  ১৯ জানুয়ারী, ২০২০

দুর্নীতির মামলায় পুলিশের সাবেক ডিআইজি মিজানুর রহমান মিজান এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক শেখ ফানাফিল্লা অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্র গ্রহণ শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।

আদালতের দুদকের জিআর শাখার সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

গত বছরের ১৬ জুলাই ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে মিজান ও বাছিরের বিরুদ্ধে জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেছিলেন দুদকের পরিচালক শেখ ফানাফিল্লা। গত ১২ ডিসেম্বর মামলাটির অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়।

দুদকের এক কর্মকর্তা জানান, খন্দকার এনামুল বাছির কমিশনের দায়িত্ব থাকাকালে আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় ক্ষমতার অপব্যবহার করেছেন। ডিআইজি মিজানকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দিতে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন তিনি। একইভাবে ডিআইজি মিজান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার আশায় বাছিরকে ঘুষ দিয়ে প্রভাবিত করেছেন। তদন্তকালে উভয়ের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অভিযোগপত্র দাখিলের বিষয়টি অনুমোদন দেওয়া হয়।

প্রসঙ্গত, ঘুষ কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর বাছির ও ডিআইজি মিজানকে সাময়িক বরখাস্ত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.