Sylhet Today 24 PRINT

ছেলের সামনে মাকে ধর্ষণ: বিক্ষুব্ধ জনতার সাথে পুলিশের সংঘর্ষে নিহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৫

টাঙ্গাইলে ছেলের সামনে মাকে নির্যাতন ও ধর্ষণের অভিযোগের ঘটনায় বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে আরো একজনের মুত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিন জনে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৪৯ জন।

ঘটনার পরপরই নিহত হয়েছেন শামীম (৩৫) ও ফারুক (২৮)। এরপরে মারাত্নক আহত অবস্থায় শ্যামল দাস (১৫) নামে আরেকজনকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাভারে তা মৃত্যু হয়।

এই ঘটনায় এলকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দু’একটি যানবাহন চলাচল করছে। এলাকার নিরাপত্তার জন্য আর্মড পুলিশ, র‍্যাব ও পুলিশ টহল দিচ্ছে।

গত ১৫ সেপ্টেম্বর ঘাটাইল উপজেলার নিজ বাড়ি থেকে আল-আমিন ও তার মাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রোমা ও তার সহযোগীরা। তাদের আটকে রেখে বিবস্ত্র করে মারধরের পরে আল-আমিনের মাকে ধর্ষণ করে অভিযুক্ত রফিকুল।

ধর্ষিতা ও তার ছেলেকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। তবে শুধুমাত্র বিবস্ত্র করে মারধরের ঘটনা ঘটেছে, ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে কালিহাতি থানা পুলিশ।

নির্যাতনের ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত রফিকুল ইসলাম রোমাসহ দু'জনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে বলে জানান টাঙ্গাইলের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) সঞ্জয় সরকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.