Sylhet Today 24 PRINT

ওবায়দুল কাদের হাসপাতালে ভর্তি

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০২০

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে ওবায়দুল কাদের হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি হন। বিএসএমএমইউয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

শুক্রবার  বেলা ১১টার দিকে বিএসএমএমইউয়ে সাংবাদিকদের সামনে কাদেরের স্বাস্থ্য পরিস্থিতি জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘তার (কাদের) শ্বাসকষ্ট হয়েছিল। আমরা আমাদের সম্মানিত নেতার জন্য আপনাদের কাছে দোয়া চাই।’

জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভার মূলতবি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ওবায়দুল কাদের সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে পৌঁছান। কার্যালয়ে প্রবেশের কিছু পরেই তিনি অসুস্থ বোধ করেন। তখনই চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউতে নেয়া হয়।

এর আগে গত বছরের ৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউয়েই ভর্তি হয়েছিলেন কাদের। পরদিনই তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.