Sylhet Today 24 PRINT

ঢাকার দুই সিটি নির্বাচন: রাত ১২ টা থেকে নৌচলাচল বন্ধ

সিলেটটুডে ডেস্ক  |  ৩১ জানুয়ারী, ২০২০

ঢাকার দুটি (উত্তর ও দক্ষিণ) সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১২ টা থেকে ২৪ ঘণ্টার জন্য ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ ঘোষণা দিয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত এ ঘোষণা কার্যকর থাকবে। নির্বাচনের কারণে নৌযান চলাচল বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার সদরঘাট টার্মিনালে যাত্রীদের চাপ ছিল বেশি। এ টার্মিনাল থেকে প্রতিদিন দক্ষিণাঞ্চলের ৪৩টি রুটে ৬৫-৭০টি নৌযান চলাচল করে।

নৌ–নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক আলমগীর কবির বলেন, ঢাকার দুটি সিটি করপোরেশন নির্বাচনের কারণে বিআইডব্লিউটিএর সিদ্ধান্ত অনুসারে, আজ রাত ১২টা থেকে কাল রাত ১২টা পর্যন্ত সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।

নৌযান মালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার ঢাকা নদীবন্দরের কার্যনির্বাহী কমিটির সদস্য ও গাজী লঞ্চের মালিক বাবু গাজী বলেন, ‘নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের নির্দেশে আমাদের সমিতির পক্ষ থেকে নৌযান চলাচল বন্ধ রাখছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.