Sylhet Today 24 PRINT

হরতালে বাস চালাবে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি

সিলেটটুডে ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকায় দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়ে রোববার বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি। একইসাথে হরতালে যানবাহনে ক্ষতি হলে তার দায়ভার বিএনপিকে নিতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন সংগঠনটির সভাপতি মশিউর রহমান রাঙ্গা।

ঢাকার সিটি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপির হরতাল ঘোষণার পর শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক প্রতিক্রিয়ায় মালিক সমিতির এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

পরিবহন মালিক সমিতির এ নেতা বলেন, এই হরতাল আমরা মানি না, হরতালে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।

রাঙ্গা বলেন, এর আগে হরতালের নামে যানবাহন ভাঙচুর করেছে দলটির নেতাকর্মীরা। গাড়িতে অগ্নিসংযোগ করেছে। মানুষের স্বাভাবিক চলাচলে ব্যাঘাত ঘটিয়েছে। শত শত গাড়ীর মালিককে নিঃস্ব করেছে। বেকার করেছে পরিবহন শ্রমিকদের। অবরোধ হরতালের নামে তারা হাজার হাজার কোটি টাকা ক্ষতি করেছে। হরতালের নামে এবার নৈরাজ্য হলে জনগণ মেনে নেবে না। যানবাহন ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণ দিতে হবে বিএনপিকেই।

রাঙ্গা বলেছেন, এই হরতালের কোনো যৌক্তিকতা নেই। আমরা জনগণের দুর্ভোগ সৃষ্টি করতে দিতে পারি না। হরতালে যদি একটি গাড়িতে আঁচড় দেয়ার চেষ্টা হয়, বিএনপিকেই তার ক্ষতিপূরণ দিতে হবে।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ভোটে যাবেন, ইভিএম মেনে নেবেন। জনগণের রায় মানবেন না এটা হতে পারে না।

প্রসঙ্গত. ঢাকার দুই সিটি নির্বাচনে কারচুপির অভিযোগ এনে আগামীকাল রোববার ঢাকায় সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.