Sylhet Today 24 PRINT

চীনাদের ‘অন অ্যারাইভাল ভিসা’ দেবে না বাংলাদেশ

সিলেটটুডে ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০২০

ফাইল ছবি

আপাতত চীনা কোনো নাগরিককে অন অ্যারাইভাল ভিসা দেবে না বলে জানিয়েছে বাংলাদেশ। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর ইতালি সফর উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বাংলাদেশে থাকা চীনা নাগরিকদের নিজ দেশে যাওয়া মাসখানেকের জন্য বন্ধ ঘোষণা বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, তারা ভিসা নিয়ে আসতে পারবে। চীনের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি আমরা।

মন্ত্রী বলেন,  চীনা রাষ্ট্রদূতকে এ ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। এই বৈশ্বিক জরুরি অবস্থা থাকাকালে, বিশেষ করে আগামী এক মাসের মধ্যে ঢাকায় থাকা কোনো চীনা নাগরিক যেন ছুটিতে দেশে না যান। বাংলাদেশে চলমান চীনের বিভিন্ন প্রজেক্টে চীন থেকে নতুন করে যেন কোনো লোক না আনা হয়।

‘অন অ্যারাইভাল ভিসা’ সুবিধা স্থগিত করা হলেও চীনা নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ হচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, তারা ভিসার জন্য সেখান থেকে নিয়মমাফিক আবেদন করতে পারবেন, তারা ফিট আছেন- এরকম একটি মেডিকেল সার্টিফিকেট আবেদনের সঙ্গে দিতে হবে।

এছাড়া ভারতকে বারবার অনুরোধ করা সত্ত্বেও সীমান্তে হত্যা বন্ধ না হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তের আমন্ত্রণে ৪ থেকে ৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ইতালিতে দ্বিপাক্ষিক সফর করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.