Sylhet Today 24 PRINT

২৩তম স্প্যানে দৃশ্যমান পদ্মাসেতুর ৩ হাজার ৪৫০ মিটার

সিলেটটুডে ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০২০

মাসের শুরুতেই বসল পদ্মা সেতুর ২৩তম স্প্যান। নদীর জাজিরা প্রান্তে ৩১ ও ৩২ নম্বর পিলারের উপর এ স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান এখন ৩ হাজার ৪শ’ ৫০ মিটার সেতু। জানুয়ারি মাসে পরিকল্পনা অনুযায়ী ৩টি স্প্যান বসানো না গেলেও চলতি মাসে সেটা সম্ভব হবে বলে আশাবাদী প্রকল্প পরিচালক।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কাজ শুরু। মাওয়ার ইয়ার্ড থেকে পাড়ি দিতে হবে ৪ কিলোমিটার দূরের জাজিরা প্রান্ত। চারপাশের সব নৌযান থামিয়ে বিশাল কাঠামোর স্প্যান নিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে এগিয়ে চলে বিশেষায়িত ক্রেন তিয়ান ইউ। মাঝনদী পার হয়ে এক ঘণ্টা ২০ মিনিট পর পৌঁছে যায় সেতুর ৩১ ও ৩২ নম্বর পিলারের কাছে।

এরপর দুপুর ১২টার দিকে শুরু হয় স্প্যান বসানোর কাজ। প্রতি মাসে গড়ে ৩টি করে স্প্যান বসানোর পরিকল্পনা হলেও জানুয়ারি মাসে বসানো গেছে দু’টি।

এ প্রসঙ্গে প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, জুলাই মাসের মধ্যে কাজ শেষ করতে হলে গড়ে ৩টি করে বসানো লাগবে মাসে। তবে কোনো মাসে ৪টি আবার কোনো মাসে দু’টিও বসবে। এটা অবস্থা ভেদে সিদ্ধান্ত।

সেতুর জাজিরা প্রান্তে এখন ১১টি, মাঝনদীতে ১০টি আর মাওয়া প্রান্তে দৃশ্যমান আছে দু’টি স্প্যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.