Sylhet Today 24 PRINT

প্রশ্ন ফাঁসের নামে প্রতারণা, গ্রেপ্তার ২

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০২০

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে পরীক্ষা শুরুর আগের রাতে শেরপুর ও ফেনী থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন-জামালপুরের মোশাররফ হোসেন শাওন ও ফেনীর মো. ইমাজ উদ্দিন।

র‌্যাব-১৪ এর অধিনায়ক তোফায়েল আহমেদ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেরপুর টাউনের চাপাতলী বড় মসজিদ মোড় এলাকা থেকে জামালপুরের র‌্যাব সদস্যরা মোশাররফ হোসেন শাওন নামের এক যুবককে গ্রেপ্তার করে।

এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে তা ফেসবুকে ও ইন্টারনেটে ছড়িয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়ার খবরে শাওনকে গ্রেপ্তার করা হয়।

তার মোবাইল ফোনটি এ সময় জব্দ করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভুয়া প্রশ্নপত্রের বিনিময়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়ার কথা স্বীকার করে।

গ্রেপ্তার মোশাররফ শহরের চাপাতলী এলাকার আতাউর রহমানের ছেলে। তাকে রাতেই শেরপুর সদর থানায় হস্তান্তর করে একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, রোববার রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর বাজার থেকে একই অভিযোগে মো. ইমাজ উদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার মোশাররফ হোসেন শাওন ও গ্রেপ্তার মো. ইমাজ উদ্দিন নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কৌসল্লা গ্রামের নূর ইসলামের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ভুয়া প্রশ্নপত্র সে ফেসবুকে কয়েকজনের কাছে বিক্রি করেছে। তার মোবাইল ফোন পরীক্ষা করে মেসেঞ্জার গ্রুপে তার প্রমাণও পাওয়া গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.