সিলেটটুডে ডেস্ক | ০৩ ফেব্রুয়ারী, ২০২০
স্কুল কর্তৃপক্ষের ভুলে প্রবেশপত্রে বাণিজ্য বিভাগের স্থলে মানবিক বিভাগ আসায় নীলফামারীর ডোমার উপজেলার এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
মৃত তৃষ্ণা রায় (১৬) উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দোদিপাড়ার দিনমজুর দুলাল রায়ের মেয়ে। সে স্থানীয় মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে তৃষ্ণাকে প্রবেশপত্র দেওয়া হয়। প্রবেশপত্র পরীক্ষা করে সে দেখতে পায়, বাণিজ্য বিভাগের পরীক্ষার্থী হলেও তার মানবিক বিভাগের প্রবেশপত্র এসেছে। পরীক্ষা দিতে না পারার আশঙ্কা ও ক্ষোভে সে বাড়ি ফিরে নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম জানান, তিনি আট মাস আগে স্কুলটির প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে যারা প্রধান শিক্ষক ও অফিস সহকারীর দায়িত্ব পালন করেছেন তাঁদের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে। কারণ রেজিস্ট্রেশন ওই সময় হয়েছে। ভুল প্রবেশপত্র আসার পর তিনি মেয়েটিকে বলেছেন আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা দেওয়া শুরু করতে। বাণিজ্য বিভাগের পরীক্ষা বেশ কিছুদিন পরে। এর মধ্যেই স্কুল কর্তৃপক্ষ ভুল শোধরানোর ব্যবস্থা করবে।
তবে তৃষ্ণার সহপাঠীদের দাবি, কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রধান শিক্ষক তৃষ্ণাকে দেননি। তিনি শুধু বলেছেন, বিষয়টি আগের প্রধান শিক্ষকের সময় ঘটেছে। তাই তিনি কিছু বলতে পারছেন না।
এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম বলেন, ‘রেজিস্ট্রেশনের সময় বিষয়ে ভুল থাকলে এগুলো পরিবর্তন করার সুযোগ আছে। শিক্ষা বোর্ড এখন যেকোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান করে দেয়। কিন্তু প্রধান শিক্ষক ঘটনাটি আমাদের জানাননি।’
এ ব্যাপারে ডোমার থানার ওসি মো. মোস্তাফিজার রহমান জানান, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।