Sylhet Today 24 PRINT

এবার বাউল শিল্পী রিতার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০২০

পালা গানে আল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্‌সামছ জগলুল হোসেনের আদালতে রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইমরুল হাসান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন।  সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর নজরুল ইসলাম বিষয়টি সোমবার (৩ ফেব্রুয়ারি) নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম জানান, আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান  আল্লাহকে নিয়ে রুচিহীন মন্তব্য করেন বলে অভিযোগ উঠে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এতে অনেকে রিতা দেওয়ানের শাস্তি দাবি করেন।

সম্প্রতি শরিয়ত বয়াতি নামক এক বাউল শিল্পী পালা গানের আসরে ইসলামে গান বাজনা জায়েজ বলে মন্তব্য করেন এমন অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হয়। পরে বিক্ষোভের মুখে তাকে গ্রেপ্তার করে টাঙ্গাইল পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.