Sylhet Today 24 PRINT

চীন ফেরত আরও এক বাংলাদেশি কুর্মিটোলা হাসপাতালে

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০২০

চীনের উহান থেকে ফেরত আসা আরেক বাংলাদেশিকে আশকোনা হজ ক্যাম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মাথা ব্যথার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর ইউএনবির

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিল আহমেদ বলেন, বর্তমানে হাসপাতালে উহানফেরত দুইজন চিকিৎসাধীন আছেন। এর আগে হাসপাতালে ভর্তি হওয়া সাতজনকে আশকোনার পর্যবেক্ষণ কেন্দ্রে ফেরত পাঠানো হয়েছে।

তিনি বলেন, নতুন করে ভর্তি হওয়া রোগীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়নি। তার জ্বরের যা লক্ষণ দেখছি তাতে করোনাভাইরাসের আক্রান্তদের লক্ষণের সঙ্গে মিল নেই। তবু আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি।

এর আগে, রোববার আশকোনার পর্যবেক্ষণ কেন্দ্রে থাকা একজনকে জ্বর অনুভবের কারণে হাসপাতালে আনা হয়েছে এবং আলাদাভাবে রাখা হয়েছে। তার রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

শনিবার সকালে করোনাভাইরাসের উৎসস্থল চীনের উহান শহর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ৩১২ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। চীন সরকার অনমুতি দিলে সরকার সেখানে থাকা আরও ১৭১ বাংলাদেশিকে ফিরিয়ে আনবে।

জ্বর অনুভবের কারণে উহান থেকে ফেরত আসা সাতজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং একজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, এর আগে যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাদের রক্তের নমুনা পরীক্ষা করে কারো রক্তেই করোনভাইরাস সংক্রমনের প্রমাণ মেলেনি।

সোমবার পর্যন্ত চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪২৫ জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৩৮ জন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.