Sylhet Today 24 PRINT

এবার রক্তপাত সহ ডেঙ্গু

সিলেটটুডে ডেস্ক |  ২২ সেপ্টেম্বর, ২০১৫

রক্তপাত সহ নতুন এক ধরনের ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। একই সঙ্গে  আগের মত ডেঙ্গু জ্বরের প্রকোপ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে জানা যাচ্ছে।

গবেষকরা বলছেন এবার নতুন ধরনের ডেঙ্গু ভাইরাসের অস্তিত্ব দেখছেন তারা যেটি আক্রান্ত ব্যক্তির রক্তপাত, এমনকি জীবনহানির জন্যেও দায়ী হতে পারে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানায়, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এর হিসেব অনুযায়ী রাজধানী এবং আশেপাশে আগস্ট মাসে এ রোগে মোট ৭২৭ জন মানুষ আক্রান্ত হয়েছেন। আর এ মাসে এখন পর্যন্ত প্রায় ছয়শ'র মত রোগী ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু গবেষণা বিভাগের প্রোগ্রাম ম্যানেজার ডা. আবু নাঈম মোহাম্মদ সোহেল বলেন, “এবার রক্তপাত সহ ডেঙ্গু হচ্ছে। এটাই হলো ভয়ের ব্যাপার। মানুষ মারা যাচ্ছে। গবেষণায় দেখা যায় চার ধরনের ভাইরাস রয়েছে ডেঙ্গুতে। কিন্তু এবার এর মধ্যে নতুন সেরোটাইপ পাওয়া যাচ্ছে আর সেটা হলো ডেঙ্গু-১”।

চিকিৎসা সেবার বিষয়ে তিনি বলেন, ডেঙ্গু রোগের চিকিৎসার জন্যে সুনির্দিষ্ট কোন ঔষধ নেই। এটা একটা বড় সমস্যা। জ্বর হলে জ্বরের ঔষধ দিতে হবে। তাই চিকিৎসার ক্ষেত্রে তেমন কোন পার্থক্য নেই।

সোহেল বলেন এটা মূলত ম্যানেজমেন্টের বিষয়। তবে আক্রান্ত ব্যক্তির কোন স্থান থেকে রক্তপাত হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.