Sylhet Today 24 PRINT

একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০২০

ভাষা আন্দোলন, শিল্পকলা, মুক্তিযুদ্ধ, গবেষণা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০ ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে একুশে পদক-২০২০ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পদক প্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেন তিনি। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য ব্যক্তিরা হলেন, ভাষা আন্দোলনে আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর)। তার পক্ষে ছেলে সাবিরুল ইসলাম পদক গ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ হাজী আক্তার সরদারের (মরণোত্তর) পক্ষে পদক গ্রহণ করেন ছেলে মোক্তার সরকার। আব্দুল জব্বার (মরণোত্তর)। তার পক্ষে পুত্র আবু জাফর রাজু পদক গ্রহণ করেন। ডা. আ. আ. ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) (মরণোত্তর)’র পক্ষে তার কন্যা ফেরদৌসি ইসলাম গ্রহণ করেন। ভাষা ও সাহিত্যে সিকদার আমিনুল হক (মরণোত্তর) পদক পান। তার পক্ষে তার পুত্র সালমান তারিক পদক গ্রহণ করেন।

পদকপ্রাপ্তদের বাকিরা সশরীরে উপস্থিত থেকে প্রধান অতিথির হাত থেকে পদক গ্রহণ করেন। শিল্পকলা সংগীতে বেগম ডালিয়া নওশীন, শঙ্কর রায়, বেগম মিতা হক, নৃত্যে মো. গোলাম মোস্তফা খান, অভিনয়ে এসএম মহসীন, চারুকলায় অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান, সাংবাদিকতায় জাফর ওয়াজেদ (আলী ওয়াজেদ জাফর), গবেষণায় ড. জাহাঙ্গীর আলম, হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ্, শিক্ষায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, অর্থনীতিতে অধ্যাপক ড. শামসুল আলম, সমাজসেবায় সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ড. নুরুন নবী, বেগম নাজমুন নেসা পিয়ারি, চিকিৎসায় অধ্যাপক ডা. সায়েরা আখতার। এছাড়া বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে একমাত্র প্রতিষ্ঠান হিসাবে গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরুপ একুশে পদক দেওয়া হয়। মহাপরিচালক ইয়াহিয়া মাহমুদ প্রতিষ্ঠানটির পক্ষে পদক গ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। পদক প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.