Sylhet Today 24 PRINT

চকলেট দেখিয়ে শিশু রাকিবের বোনকে অপহরণের চেষ্টা

সিলেটটুডে ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৫


খুলনায় নিহত শিশু রাকিবের ছোট বোন রিমিকে (৭) অপহরণের চেষ্টা হয়েছে। মঙ্গলবার খুলনা আদালতের সামনে এ ঘটনা ঘটে। এতে জড়িত অভিযোগে হত্যা মামলার আসামি মিন্টুর বোন ও ভগ্নিপতিকে আটক করেছে পুলিশ। ওই ঘটনার পর রিমি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ সম্পর্কে এক প্রতিবেদন প্রকাশ করেছে চ্যানেল আই অনলাইন। প্রতিবেদনে প্রত্যক্ষদর্শীর সূত্রে বলা হয়, বিচারিক আদালতে রাকিব হত্যা মামলার আসামিদের জামিন আবেদনের শুনানির জন্য দিন ধার্য ছিলো। এ জন্য আদালত এলাকায় এসেছিলেন রিমিসহ রাকিবের পরিবারের সদস্যরা। এক পর্যায়ে কয়েক ব্যক্তি এসে রিমিকে চকলেট দেওয়ার কথা বলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় এলাকাবাসী তাদের পরিচয় জানতে চাইলে তারা বিভ্রান্তিমূলক কথা-বার্তা বলতে থাকে। এর একপর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই ব্যক্তিরা। এ সময় আসামি মিন্টুর বোন নার্গিস ও ভগ্নিপতি আবুল কালাম খানকে ধরে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

রাকিবের মা লাকি বেগম জানান, এ ঘটনায় মেয়েসহ নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তারা।

বাদী পক্ষের আইনজীবী এ্যাড. মোমিনুল ইসলাম জানায়, রাকিবের পরিবার অসহায়। তারা নিরাপত্তাহীনায় রয়েছে।

মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের নিরাপত্তা জোরাদারেরও দাবি জানান তিনি ।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই কাজি মোস্তাক আহম্মদ জানান, অপহরণের চেষ্টার ঘটনা তদন্ত হচ্ছে। রাকিবের পরিবারের নিরাপত্তায় খুলনা মহানগর দায়রা জজ (ভারপ্রাপ্ত) আসামিদের জামিন না মঞ্জুর করে অভিযোগ গ্রহণ করেছে। আগামী ৫ অক্টোবর চার্জ গঠণ শুনানীর দিন নির্ধারণ করেছে।

গত তিন আগস্ট খুলনা নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে গ্যারেজের মধ্যে শরীরে হাওয়া ঢুকিয়ে এবং নির্যাতনে হত্যা করা হয় ওই গ্যারেজের কর্মচারি শিশু রাকিবকে।

আলোচিত এ ঘটনায় গ্যারেজ মালিক শরীফ, কর্মচারি মিন্টু এবং শরীফের মা বিউটি বেগমকে গ্রেফতার করে পুলিশ।

ওই মামলায় এদের তিনজনকে আসামি করে আদালতে চার্জশিটও দেয় পুলিশ। আজ ছিল মামলার প্রথম বিচারিক কার্যক্রম। সকালে আদালত এলাকায় রাকিবের স্বজনসহ এলাকাবাসী মানববন্ধন সমাবেশ করে দোষীদের ফাঁসির দাবিতে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.