সিলেটটুডে ডেস্ক | ২৬ ফেব্রুয়ারী, ২০২০
বিএনপির চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মেডিকেল প্রতিবেদন হাই কোর্টে পৌঁছানো হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খালেদা জিয়ার স্বাস্থ্যের রিপোর্টটি হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছে দেয়।
সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা কি তা জানাতে মেডিকেল রিপোর্ট চান হাই কোর্ট। পরে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই প্রতিবেদন জমা দিতে বলা হয়।
হাই কোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কে এম জহুরুল হকের বেঞ্চ এ আদেশ দেন। বুধবার সবশেষ মেডিকেল প্রতিবেদন পাওয়া গেলে বৃহস্পতিবার ফের জামিন আবেদনের শুনানি শুরু হবে।
এ ছাড়া অ্যাডভান্সড (উন্নত) ট্রিটমেন্টের জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্মতি দিয়েছেন কি না, সম্মতি দিলে চিকিৎসা শুরু হয়েছে কি না এবং শুরু হলে কী অবস্থা তা জানাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) উপাচার্যকে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।