Sylhet Today 24 PRINT

মুজিববর্ষের অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০১ মার্চ, ২০২০

মুজিববর্ষের অনুষ্ঠানে বাংলাদেশে আমন্ত্রিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অতিথি হিসেবে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন।

রোববার (১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল- ২০২০’-এর ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে মুজিববর্ষে ঢাকায় নরেন্দ্র মোদির সফর প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি (মোদি) ঢাকায় আসছেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আগামীকাল ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসবেন। অতিথি হিসেবে তাকে (নরেন্দ্র মোদিকে) আমরা সর্বোচ্চ সম্মান দেবো। একই সঙ্গে আমন্ত্রিত অতিথিরা যেন বাংলাদেশের জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটান আমরা সে প্রত্যাশাও করি।

মুজিববর্ষে মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদও আসতে পারেন বলে জানান এ কে মোমেন। তিনি বলেন, মাহাথির মোহাম্মদ বর্তমানে প্রধানমন্ত্রী নেই। কিন্তু ব্যক্তি মাহাথিরও (আমাদের অতিথি) হিসেবে আসতে পারেন। ব্যক্তি হিসেবেও তিনি একটা ইনস্টিটিউশন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.